বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে ১০৩ নম্বর গ্রুপ থেকে অংশ নিয়েছিলেন মারজুক বিন সোহেল। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তিনি পূর্ণ ১০০ শতাংশ নম্বর পেয়ে ৬ জনের সাথে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন, তবে মেধা তালিকার শীর্ষে রয়েছে তার নাম।
সাফল্যের নেপথ্যে পরিশ্রম ও একাগ্রতা কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় অবস্থিত ‘নিবরাস ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা’র শিক্ষার্থী মারজুক মাত্র ১১ মাস ২৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। তার এই অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার ও শিক্ষকরা। এর আগেও মারজুক বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম এবং জাতীয় হাফেজ কল্যাণ সমিতির অধীনে একাধিকবার ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি আবুল বাশার মারজুকের এই সাফল্যে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, “মারজুকের এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য বড় নেয়ামত। তার মেধা ও বিনয় আমাদের মুগ্ধ করে। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং বাবা-মায়ের দোয়ায় সে আজ এই অবস্থানে পৌঁছেছে।” মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি জসিম উদ্দীন আবেদিন জানান, ছাত্রের এমন গৌরবময় অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আদর্শ প্রজন্ম গড়ার লক্ষ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত নিবরাস ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসায় বর্তমানে স্কুল, হিফজ ও নুরানী বিভাগে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুন্নাহ ভিত্তিক উন্নত চরিত্র গঠনের মাধ্যমে একটি যোগ্য ও আদর্শ নাগরিক প্রজন্ম গড়ে তোলা। মারজুকের এই অভাবনীয় সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।