• দেশজুড়ে
  • নির্বাচনী প্রচারে সার্কাসের জাদু: শরীয়তপুরে বিএনপির প্রার্থীর অভিনব কৌশল

নির্বাচনী প্রচারে সার্কাসের জাদু: শরীয়তপুরে বিএনপির প্রার্থীর অভিনব কৌশল

বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ভোটারদের দৃষ্টি আকর্ষণ ও ভোটের আমেজ ফেরাতে বগুড়া থেকে সার্কাস দল এনেছেন। রনপা ও এক চাকায় সাইকেলসহ নানা কসরত দেখে উচ্ছ্বসিত ভোটাররা।

দেশজুড়ে ১ মিনিট পড়া
নির্বাচনী প্রচারে সার্কাসের জাদু: শরীয়তপুরে বিএনপির প্রার্থীর অভিনব কৌশল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এক ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন। বগুড়া থেকে আনা একটি সার্কাস দল রনপা, এক চাকায় সাইকেল চালানো, ডিগবাজি ও জোকারের হাস্যরসের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এই অভিনব কৌশল ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।

শরীয়তপুরে সার্কাস দলের ভিন্নধর্মী প্রচার

রনপা পরে আকাশচুম্বী ভঙ্গি, এক চাকায় সাইকেল চালিয়ে শ্বাসরুদ্ধকর কসরত, কখনো ডিগবাজি আবার কখনো জোকার সেজে হাস্যরস—সব মিলিয়ে শরীয়তপুর শহরে যেন সার্কাসের আসর বসেছে। তবে এটি কোনো বিনোদন মেলা নয়, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যতিক্রমী প্রচারণা। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এমন অভিনব প্রচার দেখে চমকে উঠছেন ভোটাররা, ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য বগুড়া থেকে একটি সার্কাস দল নিয়ে এসেছেন। এই দলে থাকা সদস্যরা রনপা, এক চাকায় সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ নানা শারীরিক কসরত ও বিনোদনমূলক পরিবেশনা প্রদর্শন করছেন। গানের তালে তালে নেচে-গেয়ে তারা পুরো এলাকায় তৈরি করছেন এক উৎসবমুখর পরিবেশ।

ভোটারদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস

দীর্ঘদিন পর এমন উন্মুক্ত ও আনন্দঘন নির্বাচনী প্রচার দেখে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেককেই মোবাইল ফোনে এই কসরতের ভিডিও ধারণ করতে এবং সার্কাস দলের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।

স্থানীয় ভোটার সাদিয়াতুল জান্নাত বলেন, 'এমন প্রচার আমি আগে কখনো দেখিনি। খুবই ভালো লেগেছে। সার্কাসের খেলা দেখে আনন্দ পেয়েছি, ছবিও তুলেছি। সত্যিই মনে হচ্ছে ভোটের একটা আমেজ তৈরি হয়েছে।' তরুণ ভোটার সুজন মোল্লা জানান, আগের নির্বাচনগুলো অনেকটাই 'ডামি' ছিল, তাই প্রচারও ছিল না। এবার সাঈদ আহমেদ আসলামের এমন ব্যতিক্রমী প্রচার দেখে মনে হচ্ছে সত্যিকার অর্থেই একটি নির্বাচন হতে যাচ্ছে।

প্রার্থীর বার্তা পৌঁছে দিচ্ছে সার্কাস দল

বগুড়া থেকে আসা 'সোনার বাংলা সার্কাস'-এর দলপ্রধান সুশান্ত মোদক জানান, তারা বিশেষভাবে নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই শরীয়তপুরে এসেছেন। তিনি বলেন, 'রনপা, এক চাকায় সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ নানা বিনোদনমূলক আয়োজন করেছি। সাধারণ মানুষ খুব আগ্রহ নিয়ে দেখছেন। খেলাধুলা ও কসরতের মাধ্যমে আমরা প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি।'

বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এই বিষয়ে বলেন, 'দীর্ঘদিন পর একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। আমরা চাই ভোটাররা আনন্দের মধ্য দিয়ে ভোটের পরিবেশ উপভোগ করুক। সেই লক্ষ্যেই সার্কাস দলের মাধ্যমে ভিন্নধর্মী প্রচার চালানো হচ্ছে। ভোটাররা বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করছেন।'

Tags: national election bangla news bnp campaign shariatpur election circus promotion said ahmed aslam নির্বাচনী প্রচার সার্কাস দল