নিলামের আগেই সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের এই কাটার মাস্টারকে।
মোস্তাফিজ ও লাহোর কালান্দার্স সম্পর্কটা দীর্ঘদিনের। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও তিনি এই দলটির হয়ে মাঠ মাতিয়েছিলেন।
দীর্ঘ বিরতির পর আবারও তাকে ড্রেসিংরুমে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি মালিক সামীন রানা। এক বার্তায় তিনি বলেন, ‘একবার যে কালান্দার্স, সে সবসময়ই কালান্দার্স। মোস্তাফিজ আমাদের পরিবারের সদস্যের মতো, তাকে ফিরে পেয়ে আমরা গর্বিত।’
মোস্তাফিজকে পেতে লাহোর কালান্দার্স খরচ করছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা)।
নিলামের অপেক্ষায় না থেকে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে তাকে দলে নেওয়া প্রমাণ করে যে, বিদেশের মাটিতে মোস্তাফিজের গুরুত্ব এখনো কতটা আকাশচুম্বী। পিএসএলের মূল নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে নিশ্চিত করে নিজেদের বোলিং বিভাগকে শক্তিশালী করল লাহোর।