এনিয়ে পরপর দুই দিনে শোকজ নোটিশ পেল এই ধানের শীষের প্রার্থী
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়া সিনিয়র সিভিল জজ আদালতে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এ শোকজ নোটিশ জারি করা হয়।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সানজিদা আফরোজ বৃষ্টি স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল ও ট্রাকযোগে কর্মী পরিবহন করে ঢোল-বাদ্যসহ উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করে ধানের শীষ প্রতীকের পক্ষে শোভাযাত্রা, মিছিল ও জনসভা করেন মো. জসীম উদ্দীন আহমদ। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩, ৯, ১৭(২) ও ১৭(৩) বিধি লঙ্ঘন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে। এ জন্য আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২টায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শোকজ নোটিশটি দ্রুত জারি ও জারির প্রতিবেদন পাঠাতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে বুধবারও (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মো. জসীম উদ্দীন আহমদের বিরুদ্ধে পৃথক একটি শোকজ নোটিশ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।