আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মো. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জনসভাটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবির। প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, “ধানের শীষে ভোট দিলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে পরিবারের প্রধান নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
তিনি আরও বলেন,১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে শ্যামনগরের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। ডা. মনিরুজ্জামান নির্বাচিত হলে হাসপাতাল, রাস্তাঘাট, পর্যটন খাত ও সুপেয় পানিসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ. এম. সাইফ আলী খাঁন, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খাঁন এবং সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
সভাপতির বক্তব্যে ডা. মো. মনিরুজ্জামান বলেন,অল্প সময়ে সবার কাছে পৌঁছাতে পারিনি এ জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন,উপকূলীয় এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন,জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে।ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে এবং শ্যামনগরকে একটি পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় রূপান্তর করা হবে।” ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে।
জনসভায় শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।