• দেশজুড়ে
  • গাজীপুর রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ভোটের প্রস্তুতি চূড়ান্ত

গাজীপুর রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ভোটের প্রস্তুতি চূড়ান্ত

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুর  রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ভোটের প্রস্তুতি চূড়ান্ত

ইব্রাহীম খলিল, ‎গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিল্পনগরী গাজীপুরে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা বলয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা জানান, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলায় ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। পোস্টাল কেন্দ্রসহ মোট ৯৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার অধিকাংশই সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।”

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোটের আগেই ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম নিরাপদে কেন্দ্রে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এসব সরঞ্জাম পরিবহন ও সংরক্ষণে কড়া নজরদারি রাখা হচ্ছে। প্রশাসনের দাবি, এখন পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আমেজ তৈরি হলেও প্রশাসন ভোটারদের গুজব ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, যেকোনো নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

স্থানীয়দের প্রত্যাশা, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে এবার গাজীপুরে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে-যা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে আরও সুদৃঢ় করবে।

Tags: গাজীপুর রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ভোটের প্রস্তুতি চূড়ান্ত