বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ও টুকুর ভাগনে ড. এম এ মুহিত ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান।
ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালে জোট সরকারের আমলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে জয়ী হন।
সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে ড. এম এ মুহিত।
শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে এবারই প্রথমবার ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে জেলা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাওয়ার ঘটনায় আনন্দিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছার জোয়ার বইছে।