কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি বাজার এলাকায় ভাড়া বাসা থেকে উজ্জ্বল হোসেন (৪৩) নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উজ্জ্বল হোসেন পাশের গাংনী উপজেলার বায়োট গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।
নিহতের পিতা ইমান আলী অভিযোগ করে বলেন, উজ্জ্বল গোপনে বায়োটের বাড়িঘর বিক্রি করে খলিশাকুন্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে একা থাকতেন। বায়োট গ্রামে তার স্ত্রী ও ৮ বছর বয়সী এক কন্যাসন্তান আছে। প্রায় ২০-২৫ দিন আগে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
বাড়ির মালিক আসাদুল ইসলাম জানান, উজ্জ্বল প্রায় দেড় বছর ধরে তার বাসায় একা ভাড়া থাকতেন। প্রায় ১০ দিন আগে ভাড়া পরিশোধ করেন তিনি। এরপর থেকে তার সঙ্গে আর দেখা হয়নি।
তিনি বলেন, আজ বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি বাইরের দরজায় তালা দেওয়া। ভেতর থেকে তীব্র পচা গন্ধ ও মাছির ভনভন শব্দ পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে তালা ভেঙে প্রবেশ করি। পরে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিই।
স্থানীয়রা বলছে, উজ্জ্বল দীর্ঘদিন ধরে সেখানে ভাড়া থাকলেও তার সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। তবে মরদেহের অবস্থা দেখে অনেকের ধারণা, তাকে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যাওয়া হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।