• দেশজুড়ে
  • ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত: তথ্যমন্ত্রী

ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত: তথ্যমন্ত্রী

দেশজুড়ে ১ মিনিট পড়া
ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত: তথ্যমন্ত্রী

ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আত্মদানকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ দেশের মানুষ বহুবার আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।

ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠা, সবই এ ধারাবাহিক সংগ্রামের অংশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ।

মাতৃভাষা বাংলাকে অস্বীকারের অপচেষ্টার বিরুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মাতৃভাষা রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি নারীর ক্ষমতায়নকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে বলেন, নারীরা জনগোষ্ঠীর অর্ধেক। তাদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রায় চার কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্যদের হাতে কার্ড দেওয়া হবে।

তিনি বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে বলেন, আগামী ৩০-৪০ বছরের মধ্যে দেশের এক বিশাল ভূখণ্ড পানির নিচে তলিয়ে যেতে পারে। এই সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

বেকারত্ব নিরসনকেও দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা শেষ হওয়া হাজার হাজার যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বরিশাল মো. খায়রুল আলম সভায় স্বাগত বক্তৃতা দেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: গণতন্ত্র স্বাধীনতা ভাষা অব্যাহত তথ্যমন্ত্রী সংগ্রাম