• দেশজুড়ে
  • সবাই মিলে সিলেটকে এগিয়ে নেব: বাণিজ্যমন্ত্রী

সবাই মিলে সিলেটকে এগিয়ে নেব: বাণিজ্যমন্ত্রী

দেশজুড়ে ১ মিনিট পড়া
সবাই মিলে সিলেটকে এগিয়ে নেব: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব, ধারণ করব এবং দিন দিন এটিকে বৃদ্ধি করব।

আমরা সিলেটের জন্য যে কাজগুলো করব, সেগুলো কারো ব্যক্তিগত কাজ নয়।

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কার হলে ব্যক্তি নয়, পুরো সিলেট উপকৃত হবে, সিলেটে পানির সমস্যা সমাধান হলে কোনো ব্যক্তি নয় বরং পুরো সিলেট সুফল ভোগ করবে। তাই, আমরা সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতেই কাজ করব।

শনিবা (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালন করব। সিলেটের জীবনমান উন্নয়নে সকল কাজ আগামী দিনে দৃশ্যমান হবে।

বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম কাজ।

এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তবে যে পরিমাণ খাদ্য মজুদ ও ভোগ্যপণ্যের সরবরাহ আছে, তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূলত আমদানি নির্ভর ভোগ্যপণ্য যেগুলো রোজায় বেশি ব্যবহার হয়, সেগুলো স্থিতিশীল পর্যায়ে আছে। এ সময় তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের মনিটরিং জোরদার করার কথা উল্লেখ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা হাবীবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: এগিয়ে সিলেট বাণিজ্যমন্ত্রী সবাই মিলে