• ব্যবসায়
  • ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট অর্ধেকে নামলো, বাড়লো সময়

ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট অর্ধেকে নামলো, বাড়লো সময়

ব্যবসায় ১ মিনিট পড়া
ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট অর্ধেকে নামলো, বাড়লো সময়

দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক পুনর্গঠনের সুবিধার মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়।

ওই সময়ের মধ্যে প্রায় অর্ধেক আবেদন নিষ্পত্তি হলেও বাকি প্রায় অর্ধেক আবেদন ডাউন পেমেন্ট পরিশোধ করতে না পারায় অনিষ্পন্ন থেকে যায়। এসব আবেদনকারীর জন্য চলতি বছরের মার্চ পর্যন্ত সময় বাড়ানোর পাশাপাশি ডাউন পেমেন্ট এক শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫ ও ২৬/২০২৫-এর আওতায় ঋণ পুনঃতফসিল/এক্সিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থায়নকারী ব্যাংক ডাউন পেমেন্ট আদায়ের ক্ষেত্রে প্রয়োজনবোধে গ্রাহকের আবেদনের সঙ্গে নির্ধারিত পরিমাণের ৫০ শতাংশ গ্রহণ করতে পারবে। অবশিষ্ট ৫০ শতাংশ ডাউন পেমেন্ট কার্যকর করার পর ছয় মাসের মধ্যে পরিশোধ করা যাবে।

এ ছাড়া ইতোমধ্যে নীতিগত সহায়তা দিলেও যৌক্তিক কারণে বাস্তবায়ন সম্ভব না হলে সংশ্লিষ্ট অর্থায়নকারী ব্যাংক পূর্বনির্ধারিত সময়সীমার অতিরিক্ত আরও তিন মাস পর্যন্ত সময় বাড়াতে পারবে।

একইসঙ্গে সুদ মওকুফ সংক্রান্ত কোনো আবেদন থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বিদ্যমান নীতিমালার আওতায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এই নীতিগত সহায়তার ফলে যেসব প্রতিষ্ঠান খেলাপি ঋণের দুই শতাংশ ডাউন পেমেন্ট দিতে পারেনি, তারা এখন অর্ধেক ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিলের সুবিধা পাবে।

Tags: ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট অর্ধেকে নামলো বাড়লো সময়