• প্রযুক্তি
  • এআইয়ের সঙ্গে কথা বলার সেরা উপায় কী?

এআইয়ের সঙ্গে কথা বলার সেরা উপায় কী?

প্রযুক্তি ১ মিনিট পড়া
এআইয়ের সঙ্গে কথা বলার সেরা উপায় কী?

চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই চ্যাটবটের সঙ্গে কথা বলার সময় অনেকে অদ্ভুত সব কৌশল ব্যবহার করেন।

কেউ অতিরিক্ত ভদ্রতা দেখান, কেউ হুমকি দেন, কেউ আবার এআইকে কোনও বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করতে বলেন। কিন্তু এসবের কোনটা আসলে কাজ করে?

সম্প্রতি একদল গবেষক পরীক্ষা করে দেখেছেন, “পজিটিভ ভাবনা” বা এআইকে উৎসাহ দিলে কি তার উত্তর আরও নির্ভুল হয়? তারা বিভিন্ন চ্যাটবটকে প্রশ্ন করার সময় কখনও এআইকে “স্মার্ট” বলেছেন, কখনও সাবধানে ভাবতে বলেছেন, এমনকি প্রশ্নের শেষে লিখেছেন, “দিছ উইল বি ফান!” কিন্তু এসবের কোনোটিই ধারাবাহিকভাবে ফল দেয়নি। বরং একটি কৌশল চোখে পড়েছে— যখন এআইকে বলা হয়েছে যেন সে ‘স্টার ট্রেক’-এর জগতে আছে, তখন সাধারণ গণিতে কিছুটা ভালো ফল দিয়েছে!

এআই নিয়ে প্রচলিত “প্রম্পট ইঞ্জিনিয়ারিং” বা “কনটেক্সট ইঞ্জিনিয়ারিং”-এর নানা মিথ আছে। অনেকেই মনে করেন, নির্দিষ্ট কিছু ‘ম্যাজিক শব্দ’ ব্যবহার করলে এআই জটিল সমস্যা সমাধান করে ফেলবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান অধ্যাপক জুলস হোয়াইট বলেন, “এটা শব্দের জাদু নয়। আসল বিষয় হলো আপনি কীভাবে আপনার চাহিদা স্পষ্টভাবে প্রকাশ করছেন।”

ভদ্রতা কি সত্যিই কাজে দেয়?

২০২৫ সালে এক ব্যবহারকারী এক্স (সাবেক টুইটার)-এ প্রশ্ন তোলেন—মানুষ ‘প্লিজ’ ও ‘থ্যাঙ্ক ইউ’ বলায় ওপেনএআই কত বিদ্যুৎ খরচ করছে? এর জবাবে ওপেন এআইয়ের ন নির্বাহী স্যাম অ্যালটম্যান রসিকতা করে বলেন, “দশ মিলিয়ন ডলার—ভালো কাজেই খরচ হয়েছে। কে জানে!”

তবে ভদ্রতা নিয়ে গবেষণার ফল একরকম নয়। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, ভদ্রভাবে অনুরোধ করলে বড় ভাষা মডেল তুলনামূলক ভালো ও নির্ভুল উত্তর দেয়। আবার অন্য একটি পরীক্ষায় দেখা যায়, চ্যাটজিপিটির আগের সংস্করণকে অপমান করলে কখনও কখনও বেশি সঠিক উত্তর পাওয়া গেছে! এমনকি ভাষা ও সংস্কৃতিভেদেও পার্থক্য দেখা গেছে। জাপানি ভাষায় অতিরিক্ত ভদ্রতা ফল উল্টো করেছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের চ্যাটবট— যেমন চ্যাটজিপিটি, জেমিনি বা ক্লাউড এখন অনেক উন্নত। তাই অতিরিক্ত ভদ্রতা, তোষামোদ বা হুমকি সাধারণত ফলাফলে বড় পার্থক্য আনে না।

এআই মানুষ নয়, একটি টুল

বিশেষজ্ঞরা বলছেন, এআইকে মানুষ ভেবে তার ‘মুড’ নিয়ন্ত্রণের চেষ্টা করা ঠিক নয়। এটি কেবল মানুষের আচরণ অনুকরণ করে। ভালো ফল চাইলে এআইকে একজন মানুষের মতো নয়, বরং একটি কার্যকর টুল হিসেবে ব্যবহার করাই শ্রেয়।

তাহলে কীভাবে কথা বলবেন?

১. একাধিক উত্তর চান একটি উত্তর না চেয়ে তিন বা পাঁচটি বিকল্প চাইতে পারেন। এতে আপনি তুলনা করে ভালোটি বেছে নিতে পারবেন এবং নিজের প্রয়োজনও পরিষ্কার হবে।

২. উদাহরণ দিন ইমেইল বা লেখা তৈরির ক্ষেত্রে নিজের আগের লেখা উদাহরণ হিসেবে দিন। এতে এআই আপনার স্টাইল ভালোভাবে বুঝতে পারবে।

৩. প্রশ্ন করতে বলুন কোনো চাকরির বিজ্ঞাপন বা জটিল কনটেন্ট বানাতে চাইলে এআইকে বলুন— একটি করে প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে। এতে ফলাফল হবে আরও নির্ভুল।

৪. রোল-প্লেতে সতর্ক থাকুন এআইকে “গণিতের অধ্যাপক” বা “বিশেষজ্ঞ” সাজাতে বললে তথ্যভিত্তিক প্রশ্নে কখনও ভুল বা অতিরিক্ত আত্মবিশ্বাসী উত্তর আসতে পারে। তবে সৃজনশীল কাজ, ব্রেইনস্টর্মিং বা অনুশীলনের ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে।

৫. নিরপেক্ষ থাকুন দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত চাইলে আগে থেকে নিজের পছন্দ জানিয়ে দিলে এআই সেই দিকেই ঝুঁকতে পারে। তাই নিরপেক্ষ ভাষা ব্যবহার করা ভালো।

‘প্লিজ’ বলব, না বলব?

২০১৯ সালের এক জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি আমেরিকান স্মার্ট স্পিকারের সঙ্গে কথা বলার সময় ‘প্লিজ’ বলেন। ২০২৫ সালের আরেক জরিপে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা এআইয়ের সঙ্গে ভদ্র আচরণ করেন। যদিও এতে এআইয়ের পারফরম্যান্স খুব একটা বদলায় না, তবে ব্যবহারকারীর স্বস্তি বাড়ে।

দার্শনিক ইমানুয়েল কান্টের মতে, নিষ্ঠুর আচরণ মানুষের নিজস্ব চরিত্রকেও কঠোর করে তোলে। এআইয়ের অনুভূতি না থাকলেও ভদ্রতা হয়তো আমাদের নিজেদের মানবিকতারই প্রতিফলন।

এআইয়ের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কোনও ‘ম্যাজিক শব্দ’ নেই। স্পষ্ট নির্দেশনা, পর্যাপ্ত প্রেক্ষাপট ও সঠিক কৌশলই ভালো ফলের চাবিকাঠি। ভদ্র হোন বা না হোন—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এআইকে একটি দক্ষ টুল হিসেবে ব্যবহার করা।

সূত্র: বিবিসি

Tags: এআইয়ের কথা বলা উপায় কী