বিয়ের খবরে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। একাধিক গণমাধ্যম জানিয়েছে, আজ ২৭ ফেব্রুয়ারি শোয়েব তাঁর জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। কনে হিসেবে যাঁর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি হলেন পাকিস্তানি টেলিভিশন জগতের পরিচিত মুখ ভানিজা সাত্তার।
গুঞ্জন নাকি বাস্তবতা? শোয়েব মালিকের বিয়ের খবর নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও পাকিস্তানি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে দুই পক্ষের কেউ মুখ না খোলায় ভক্তদের মনে এখনও সংশয় রয়ে গেছে। শোয়েব মালিকের বর্ণিল ব্যক্তিগত জীবন সবসময়ই চর্চার কেন্দ্রে ছিল। তাঁর আগের তিনটি বিয়ে এবং বিচ্ছেদের ঘটনাক্রমের কারণেই চতুর্থ বিয়ের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে।
শোয়েব মালিকের আগের তিনটি বিয়ে শোয়েব মালিকের প্রথম বিয়ে হয়েছিল ২০০২ সালে ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকীর সঙ্গে। ২০১০ সালে সেই সম্পর্কের অবসান ঘটিয়ে তিনি ভারতের টেনিস মহাতারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে ২০১৮ সালে জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান ইজহান। তবে ২০২৩ সালে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে সানিয়া ও শোয়েব বিচ্ছেদের পথে হাঁটেন।
সানিয়ার সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই ২০২৪ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। সানার সঙ্গে শোয়েবের বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে কোনো বিতর্ক বা বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে না এলেও এরই মধ্যে নতুন বিয়ের গুঞ্জন তৈরি হয়েছে।
কে এই ভানিজা সাত্তার? আলোচিত ভানিজা সাত্তার পাকিস্তানের টেলিভিশন নাট্য অঙ্গনের একজন উঠতি অভিনেত্রী। করাচিতে জন্ম ও বেড়ে ওঠা এই অভিনেত্রী করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছোট পর্দায় বিশেষ করে জনপ্রিয় নাটক ‘লাডলি’তে ‘নাজো’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন। নবীন এই অভিনেত্রীর সঙ্গে শোয়েব মালিকের বিয়ের বিষয়টি এখন দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।