সাম্প্রতিক সময়ে ঢাকা ও নরসিংদীতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলেন।
জাতি স্তম্ভিত: জামায়াত আমির ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনাগুলো পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। তিনি বলেন, “এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করছি।”
রাজনৈতিক প্রভাব ও মানবাধিকার লঙ্ঘন ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করার পরিবর্তে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের ধর্ষকের রক্ষক হয়ে ওঠার ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার মতো দুঃসাহস দেখানো হচ্ছে, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।
তদন্ত ও বিচারের দাবি শিশু তাহিয়া হত্যার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, কার ইশারায় এই হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেওয়ার পেছনে মূল হোতা কারা, তা আজ জনগণের কাছে স্পষ্ট। তিনি আরও বলেন, দলীয় পদবি ব্যবহার করে নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য বা গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।
সরকারের প্রতি আহ্বান বিরোধীদলীয় এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার ওপরও তিনি জোর দেন। সবশেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।