• দেশজুড়ে
  • দেড়দশকে দলীয়করণে নিরপেক্ষতা হারিয়েছে প্রশাসন: উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

দেড়দশকে দলীয়করণে নিরপেক্ষতা হারিয়েছে প্রশাসন: উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

দেশজুড়ে ১ মিনিট পড়া
দেড়দশকে দলীয়করণে নিরপেক্ষতা হারিয়েছে প্রশাসন: উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, গত দেড় দশকের বেশি সময় ধরে জনপ্রশাসনে দলীয়করণ হওয়ায় প্রশাসন তার নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে।

তিনি বলেন, প্রশাসনকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে চাই, প্রশাসক হিসেবে নয়। আমরা একটি মেধাভিত্তিক, দক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন উপহার দেব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলা লক্ষ্মীপুর সফরে এলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এসময় উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুযায়ী প্রশাসন সংস্কারের কাজ শুরু হয়েছে। তিনি একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখছেন ও মনিটরিং করছেন। ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, নির্বাচনের আগে ও পরে পরিস্থিতির বড় পরিবর্তন এসেছে।

জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। এই বিজয়ের সঙ্গে বড় দায়বদ্ধতা ও জবাবদিহিতা জড়িত। আমরা সেই দায় মাথায় নিয়েই কাজ করবো। উপদেষ্টা জানান, নির্বাচনী ইশতিহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।

শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সার্কিট হাউসে পৌঁছালে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।

Tags: প্রশাসন নিরপেক্ষতা দেড়দশ দলীয়করণ হারিয়েছে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ