• দেশজুড়ে
  • বাউবি স্কুল অব এডুকেশনের বিএড প্রোগ্রাম ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সিমেস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

বাউবি স্কুল অব এডুকেশনের বিএড প্রোগ্রাম ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সিমেস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

দেশজুড়ে ১ মিনিট পড়া

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ্, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের ২০২৬ ব্যাচে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার সকালে সারাদেশের ২৬টি স্টাডি সেন্টারে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-এর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিএড প্রোগ্রামে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ, মানবিক ও প্রযুক্তি-সচেতন শিক্ষক হিসেবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি মানসম্মত শিক্ষক প্রস্তুতিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠক্রম সম্পন্ন করার আহ্বান জানান”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ খাদেমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এডুকেশনের প্রফেসর ড. মু. মোহসীন উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মু. আবদুল্লাহ আবু তারেক, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন এবং যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ নাসির উদ্দিন।

একই দিন স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলাম কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে প্রধান রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। এছাড়া স্কুল অব এডুকেশনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্কুলের কতিপয় শিক্ষক দেশের বিভিন্ন স্টাডি সেন্টারে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।

ওরিয়েন্টেশন কর্মসূচিতে বিএড প্রোগ্রামের পাঠক্রম, মূল্যায়ন পদ্ধতি, অনলাইন ও অফলাইন কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।