• দেশজুড়ে
  • সরকারি কর্মচারীরা দুর্নীতি করলে বিচার হবে: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

সরকারি কর্মচারীরা দুর্নীতি করলে বিচার হবে: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

দেশজুড়ে ১ মিনিট পড়া
সরকারি কর্মচারীরা দুর্নীতি করলে বিচার হবে: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারি কর্মচারীরা ঘুষ খেলে ও দুর্নীতি করলে তাদের যেমন বিচার হবে, তেমনি সাধারণ মানুষের দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকবে।

শুক্রবার দুপুরে মাগুরায় সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি।

দীর্ঘ ৩৫ বছর পর মাগুরা-২ আসনে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রী হয়ে সকালে জেলার প্রবেশ পথ ওয়াবদা গড়াই সেতু এলাকায় পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মাগুরা-১ আসনের বিএনপির সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকেও ফুল দিয়ে বরণ করা হয়।

পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মন্ত্রীকে মাগুরা সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানো হয়।

সার্কিট হাউস হলরুমে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে।

জেলায় পূর্ণাঙ্গ শিল্পকলা অ্যাকাডেমি ভবন নির্মাণের পাশাপাশি দুস্থ শিল্পীদের ভাতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

বিকেলে মন্ত্রীকে তার নিজ উপজেলা মহম্মদপুর এবং নিজ গ্রাম হাটবাড়িয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়।

Tags: সরকারি কর্মচারী দুর্নীতি বিচার মাগুরায় সংস্কৃতি মন্ত্রী