• আন্তর্জাতিক
  • ইরাকি মিলিশিয়াদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরাকি মিলিশিয়াদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

এপির প্রতিবেদন

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরাকি মিলিশিয়াদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরাকি মিলিশিয়াদের নিয়ে ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ইরাকের ইরানপন্থি দুটি মিলিশিয়া গোষ্ঠীর দুই কর্মকর্তা এপিকে জানিয়েছেন, দুই মাস আগে ইরানি কর্মকর্তা ও সহযোগী ইরাকি মিলিশিয়াদের মধ্যে একটি বৈঠক হয়েছে। ইরানের ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দায়িত্ব বণ্টনের লক্ষ্যে এ বৈঠক হয়।

এপিকে ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

কারণ তারা জনসমক্ষে মন্তব্য করার জন্য অনুমতি প্রাপ্ত নন। কর্মকর্তাদের একজন জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে পাল্টা জবাব হিসেবে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল এবং প্রতিবেশী জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

ইসলামিক স্টেট (আইএস) বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন শেষ করার চুক্তির ফলে ইরাকের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে মার্কিন সেনারা সরে গেছেন। তবে কুর্দি অঞ্চলে এখনো তাদের উপস্থিতি রয়েছে।

ইরাকের অন্যতম প্রধান মিলিশিয়া গোষ্ঠী ‘কাতায়িব হিজবুল্লাহ’ গত বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা তাদের যোদ্ধাদের ‘একটি দীর্ঘ স্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে’ আহ্বান জানিয়েছে। যে যুদ্ধ ‘মার্কিন প্রশাসনের প্রত্যাশার চেয়েও দীর্ঘ হতে পারে’ বলে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি ইরাকের কুর্দি আঞ্চলিক সরকারকেও সতর্ক করে বলেছে, ‘শত্রুভাবাপন্ন বিদেশি শক্তিকে সহযোগিতা করা তাদের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

Tags: ইরাকি