একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কেও খোঁজ-খবর নিয়েছেন তিনি।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বিষয়টি জানান।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ইরানের সাম্প্রতিক ঘটনাবলির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে।
ফলে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সহায়তায় সরকার সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এদিকে যাত্রীদের সহযোগিতা দিতে বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছেন বলে জানা গেছে।