• খেলা
  • জামাতা শাহীনকে ধুয়ে দিলেন আফ্রিদি

জামাতা শাহীনকে ধুয়ে দিলেন আফ্রিদি

বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেটে তোলপাড়

খেলা ১ মিনিট পড়া
জামাতা শাহীনকে ধুয়ে দিলেন আফ্রিদি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে পাকিস্তানের বিদায়ের পর দেশটির ক্রিকেটে এখন বইছে সমালোচনার ঝড়।

বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য প্রয়োজনীয় ব্যবধান ধরে রাখতে না পারায় দলের সিনিয়র খেলোয়াড়দের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানকে রান আটকে রাখতে হতো, কিন্তু বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি সেই ওভারে ২২ রান দিয়ে বসেন। নিজের জামাতার এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ শহীদ আফ্রিদি সামা টিভি-তে বলেন, ‘শাহীন অনেকদিন ধরে খেলছে, কিন্তু এখনো সে জানে না শেষ ওভারটা কোথা থেকে বল করতে হয়।

তাকে অনেকবার শেখানো হয়েছে, কিন্তু সে একই ভুলের পুনরাবৃত্তি করে যাচ্ছে।’ আফ্রিদি আরও যোগ করেন যে, ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে রাউন্ড দ্য উইকেট বল করে শাহীন ব্যাটসম্যানদের কাজ সহজ করে দিয়েছেন।

দলের অধিনায়কত্ব পরিবর্তনের গুঞ্জনের মধ্যে অলরাউন্ডার শাদাব খানের নাম আসায় আরও চটেছেন আফ্রিদি। তিনি সরাসরি বলেন, ‘পারফরম্যান্সের বিচারে আমি ওকে দলেই রাখব না, অধিনায়কত্ব তো দূরের কথা।

বর্তমান কোচ মাইক হেসন তাকে একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছেন, অথচ সে একাদশে জায়গা পাওয়ার যোগ্যই নয়।’ অধিনায়ক হিসেবে আফ্রিদির পছন্দ আক্রমণাত্মক ওপেনার ফখর জামানকে। বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের ওপর বড় অংকের আর্থিক জরিমানা আরোপের কথা ভাবছে। সূত্রমতে, প্রতিটি খেলোয়াড়কে প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি (১৮ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে।

এছাড়া বর্তমান অধিনায়ক সালমান আলী আগার পারফরম্যান্সও অত্যন্ত হতাশাজনক ছিল; পুরো টুর্নামেন্টে ৭ ইনিংসে মাত্র ৬০ রান করেছেন তিনি। ফলে তাকে সরিয়ে ফখর জামান, শাদাব খান বা শাহীন আফ্রিদির মধ্যে কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। শ্রীলঙ্কার বিপক্ষে ২২১ রান তুলেও তাদের ১৪৭ রানের মধ্যে আটকাতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়। পুরো টুর্নামেন্টে নিউজিল্যান্ড বা ভারতের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে পাকিস্তান কোনো জয় পায়নি, যা তাদের ক্রিকেট কাঠামোর দৈন্যদশা ফুটিয়ে তুলেছে।

Tags: জামাতা শাহীন ধুয়ে আফ্রিদি