• খেলা
  • হাঁটুর গুরুতর চোটে মৌসুম শেষ রদ্রিগোর, অনিশ্চিত বিশ্বকাপেও

হাঁটুর গুরুতর চোটে মৌসুম শেষ রদ্রিগোর, অনিশ্চিত বিশ্বকাপেও

খেলা ১ মিনিট পড়া
হাঁটুর গুরুতর চোটে মৌসুম শেষ রদ্রিগোর, অনিশ্চিত বিশ্বকাপেও

রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে রদ্রিগোর চোটের খবর। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের।

ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পান রদ্রিগো। সকালে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর চোটের গুরুতর অবস্থা নিশ্চিত হয়। এই ধাক্কা শুধু খেলোয়াড়ের জন্যই নয়, তার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের জন্যও বড় ক্ষতি।

ম্যাচে মাঠে নামার কিছুক্ষণ পরই ডান প্রান্তে দৌড়ানোর সময় পড়ে যান রদ্রিগো। সে সময় তার হাঁটু অস্বাভাবিকভাবে মচকে যায়। ব্যথায় কাতরানোর দৃশ্য স্পষ্ট ছিল। তবু ১১ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড খেলা শেষ করেন।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে প্রাথমিক পরীক্ষা করা হলেও পরদিন সকালে আরও পরীক্ষা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানেই ধরা পড়ে লিগামেন্টের গুরুতর চোট। প্রায় এক মাস টেন্ডিনাইটিসে ভোগার পর গেতাফের বিপক্ষে ম্যাচেই দলে ফিরেছিলেন রদ্রিগো। ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেও গেতাফের রক্ষণ ভাঙতে পারেননি। ম্যাচের শেষ দিকে তাকে ডান হাঁটু চেপে ধরতে দেখা যায়, তখনই অস্বস্তির ইঙ্গিত মিলেছিল।

এই চোটে রিয়ালের আক্রমণভাগে সংকট আরও গভীর হলো। কিলিয়ান এমবাপ্পে আগে থেকেই চোটে বাইরে। লাল কার্ড দেখায় মাস্তানতুয়োনোও নিষিদ্ধ। ফলে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র ও গনসালো গার্সিয়াকে নিয়েই আক্রমণ সাজাতে হবে কোচকে।

Tags: হাঁটুর গুরুতর চোটে মৌসুম শেষ রদ্রিগোর অনিশ্চিত বিশ্বকাপেও