• জাতীয়
  • জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা জারি সরকারের

জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা জারি সরকারের

জাতীয় ১ মিনিট পড়া
জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা জারি সরকারের

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়-সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

ফলে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কতিপয় আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য সব সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব সচেতন নাগরিককে জ্বালানি সাশ্রয়মূলক ব্যবস্থা অবিলম্বে গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রাকৃতিক গ্যাস সাশ্রয়ে—রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে উপযুক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে।

গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে গ্যাসের লিকেজজনিত অপচয় রোধ করতে হবে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকতে হবে। জ্বালানি তেল সাশ্রয়ে নির্দেশনাসমূহ হলো: ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং (কার-পুলিং) ব্যবস্থা অবলম্বনকে উৎসাহিত করতে হবে এবং জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত/পরিহার করতে হবে।

প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণে নির্দেশনাসমূহ হলো: সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতিরিক্ত জ্বালানির ব্যবহার পরিহার করতে হবে।

Tags: সরকারের জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা জারি