যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে সফল হামলার দাবি করেছে ইরান। জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থানরত এই রাডারটি ধ্বংসের মাধ্যমে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে দেশটি।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও কৌশলগত গুরুত্ব ধ্বংস হওয়া রাডারটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 'থাড' (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। যার বাজারমূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আরটিএক্স করপোরেশনের তৈরি এই এএন/টিপিওয়াই২ (AN/TPY2) রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জামগুলো হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। জর্ডানে গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ—এই দুই দফায় ইরানের পক্ষ থেকে হামলার খবর পাওয়া গেছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞের বিশ্লেষণ ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (FDD) উপপরিচালক রায়ান ব্রোবস্ট এই হামলা প্রসঙ্গে বলেন, "যদি এটি সত্যিই সফল হয়ে থাকে, তবে এটি হবে ইরানের পক্ষ থেকে করা এখন পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী ও সফল হামলার একটি।" এএন/টিপিওয়াই২ রাডারটি অকেজো হয়ে পড়ায় ওই অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল ভার এখন প্যাট্রিয়ট ব্যবস্থার ওপর পড়বে। তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, প্যাট্রিয়ট ব্যবস্থার পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের মজুত ইতোমধ্যে অনেকটাই কমে এসেছে।
একই সময়ে হিজবুল্লাহর হামলা এদিকে ইরানের এই অভিযানের রেশ কাটতে না কাটতেই ইসরায়েলে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ছোড়া এই রকেটে অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, আহতদের মধ্যে গিভাতি ব্রিগেডের পাঁচ সদস্যের অবস্থা বেশ গুরুতর। লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় আহত সেনাদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।