• দেশজুড়ে
  • নগরকান্দা মহাসড়কে বিএনপি নেতার সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরকান্দা মহাসড়কে বিএনপি নেতার সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেশজুড়ে ১ মিনিট পড়া
নগরকান্দা মহাসড়কে বিএনপি নেতার সেই অবৈধ স্থাপনা  উচ্ছেদ

এস.এম আকাশ, ফরিদপুর :

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরদিনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সরকারি অধিগ্রহণকৃত জমিতে সেই বিএনপি নেতার গড়ে তোলা অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) দুপুরে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিকদের মাধ্যমে মহাসড়কের পাশে নির্মিত দোকানঘরের কাঠামো ভেঙে ফেলা হয়।

জানা যায়, নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস মোল্লা ও তার ছেলে ওসমান মোল্লা ঢাকা-খুলনা মহাসড়কের অধিগ্রহণকৃত সরকারি জমিতে দোকানঘর নির্মাণ করেন।

পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তদন্তের পরপরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, সরকারি জমিতে কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে তদন্ত করি। অভিযোগের সত্যতা পাওয়ায় আজ শনিবার উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দোকানঘর অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি জমি দখল করে কেউ যেন কোনো স্থাপনা নির্মাণ না করে সে বিষয়ে নগরকান্দা উপজেলার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশের এসব জায়গা সরকারি অধিগ্রহণকৃত হওয়ায় সেখানে স্থাপনা তৈরি হলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ বা যান চলাচলে সমস্যা দেখা দিতে পারত। তাই দ্রুত প্রশাসনের পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।