তার মতে, অতীতে গণমাধ্যমের অতিরিক্ত চাপের কারণেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়া নাটকের মতো ঘটনা তৈরি হয়েছিল।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মিডিয়া সেন্টারটি ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলায় অবস্থিত।
আইজিপি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় পুলিশ জজ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে ১৭ দিন রিমান্ডে রেখে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে সাজানো স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ওঠে। পরে তদন্তে দেখা যায়, ওই হামলার সঙ্গে জজ মিয়ার কোনো সংশ্লিষ্টতা ছিল না। অভিযোগ ওঠে, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই ‘জজ মিয়া নাটক’ সাজানো হয়েছিল।
ঘটনার ২১ বছর পর এক প্রশ্নের জবাবে প্রসঙ্গটি তোলেন আইজিপি। ঢাকার একটি সড়কে প্রকাশ্যে মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কাজ সঠিকভাবে করতে হলে একটি নির্দিষ্ট রেসপন্স টাইম প্রয়োজন।
তার ভাষ্য, কোনো ঘটনা ঘটলেই অনেক সময় সংবাদমাধ্যম এমনভাবে প্রশ্ন তোলে যেন সঙ্গে সঙ্গেই তার বিচার শেষ করতে হবে। কিন্তু বাস্তবে কোনো কোনো হত্যা মামলার রহস্য উদঘাটনে ২০ থেকে ২৫ বছর সময়ও লেগে যায়।
আইজিপি বলেন, অতিরিক্ত চাপ সৃষ্টি হলে পুলিশের ওপর মানসিক চাপ তৈরি হয়। এতে অনেক সময় তড়িঘড়ি করে কাউকে আটক করে স্বীকারোক্তি নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি বলেন, এর উদাহরণ আপনারা জজ মিয়া নাটকে দেখেছেন। আমার মনে হয়, মিডিয়ার চাপের কারণেই এমন ঘটনা তৈরি হয়েছিল।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তদন্তের ক্ষেত্রে পুলিশকে যথাযথ সময় দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।