• জাতীয়
  • স্থানীয় নির্বাচনের তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের ইসির জরুরি চিঠি

স্থানীয় নির্বাচনের তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের ইসির জরুরি চিঠি

জাতীয় ১ মিনিট পড়া
স্থানীয় নির্বাচনের তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের ইসির জরুরি চিঠি

সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদে তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি নির্দিষ্ট ছক অনুযায়ী প্রস্তুত করা প্রয়োজন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায়, আর জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় প্রেরণ করতে হবে।

চলতি বছর সাড়ে চার হাজার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট করতে হবে। তাই প্রস্তুতি গুছিয়ে নিতেই এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। ইতোমধ্যে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।

Tags: নির্বাচন ইসি তথ্য কর্মকর্তা স্থানীয় জরুরি চিঠি