বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিখালী ইউনিয়নের ইয়াংছা আর্মি ক্যাম্পের পূর্ব পাশে ‘মৃত্যুপুরী বাঁক’ নামক স্থানে লাকড়ি বোঝাই একটি কাটা জীপ (ডাবল চাকা) খাদে উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন বাশখাইল্যা ঝিরি এলাকার আলমগীর (ড্রাইভার) ও হাইক্কাঝিরি এলাকার আনোয়ার। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ রাতে ইয়াংছা বনপুর এলাকা থেকে ইয়াংছা বাজারের দিকে যাওয়ার পথে লাকড়ি বোঝাই জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।দুর্ঘটনায় কবলিত গাড়িটির ফিটনেস ছিলোনা বলে জনায় স্থানীয়রা। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি দীর্ঘদিন ধরে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি খুবই সীমিত। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।