বলিউডে আবারও ঝড় তুলতে প্রস্তুত সালমান খান। একদিকে সীমান্তের উত্তেজনাপূর্ণ গল্পে তৈরি হচ্ছে তার বহুল আলোচিত সিনেমা, অন্যদিকে দক্ষিণের দুই তারকা সুন্দরীর সঙ্গে নতুন জুটি—সব মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এখন বলিউড ভাইজান।
নয়নতারার সঙ্গে নতুন রসায়ন সালমানের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমার কাজ শেষ হলেই নতুন আরেকটি বড় প্রকল্পে হাত দেবেন সালমান। তেলেগু পরিচালক বংশী পাইদিপল্লি পরিচালিত এবং প্রযোজক দিল রাজুর প্রযোজনায় নির্মিতব্য ওই সিনেমায় মূল নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। জানা গেছে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়েই এ প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামান্থার সঙ্গে সুপারহিরো মিশন ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন এক চ্যালেঞ্জ নিতে চলেছেন সালমান। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের (রাজ ও ডিকে) সঙ্গে একটি সুপারহিরো ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাকশন ও বিনোদনে ভরপুর এই সিনেমাটি প্রযোজনা করবে মিথ্রি মুভি মেকার্স। সেখানে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে। রিল লাইফ এন্টারটেইনমেন্টের সহযোগিতায় নির্মিত এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের নভেম্বরে।
ব্যক্তিগত দুশ্চিন্তা ও আগামীর আশা পেশাগত জীবনে ব্যস্ততা বাড়লেও ব্যক্তিগত জীবনে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন অভিনেতা। হাসপাতালে ভর্তি বাবা সেলিম খানের শারীরিক অবস্থা এবং সাম্প্রতিক কয়েকটি সিনেমার বক্স অফিস ব্যর্থতা তাকে ভাবিয়ে তুলেছে। তবে সামান্থা ও নয়নতারার মতো শক্তিশালী অভিনেত্রীদের সঙ্গে আসন্ন প্রজেক্টগুলো তাকে পুনরায় সাফল্যের শিখরে নিয়ে যাবে বলে আশাবাদী ভক্তরা।
উল্লেখ্য, এর আগে শাহরুখ খান ও নয়নতারার ‘জওয়ান’ জুটি বক্স অফিসে রেকর্ড গড়েছিল। এবার সালমানের সঙ্গে দক্ষিণী এই নায়িকাদের রসায়ন কতটা দর্শকপ্রিয়তা পায়, এখন সেটাই দেখার বিষয়।