নরসিংদীর রায়পুরায় চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে ঘটনার বিস্তারিত জানা গেছে।
নিখোঁজ ও মরদেহ উদ্ধার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) সকালে শিশু আবদুর রহমান তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানে খাবার কিনতে যায়। খাবার কিনে বাড়ি ফেরার পথে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। দিনভর অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরদিন রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন ভবনের ছাদে পানি দিতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়।
পরিবারের আহাজারি ও বিচার দাবি নিহত শিশুর মা কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার ছেলে কাল সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আজকে প্রতিবেশীর ছাদে ওর লাশ পাওয়া গেল। আমাদের কোনো শত্রু নেই, কেন আমার ছেলেকে মারা হলো? আমি এই হত্যার বিচার চাই।"
পুলিশের বক্তব্য ও তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।