• বিনোদন
  • বাবার পরিচয় মুছে ফেললেন থালাপতি বিজয়ের ছেলে জ্যাসন সঞ্জয়, তুঙ্গে পারিবারিক বিবাদ

বাবার পরিচয় মুছে ফেললেন থালাপতি বিজয়ের ছেলে জ্যাসন সঞ্জয়, তুঙ্গে পারিবারিক বিবাদ

স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ মামলার মাঝেই বাবার নামের আদ্যাক্ষর ছেঁটে ফেললেন ছেলে জ্যাসন সঞ্জয়; ২০ এপ্রিল বিজয়কে আদালতে হাজিরের নির্দেশ।

বিনোদন ১ মিনিট পড়া
বাবার পরিচয় মুছে ফেললেন থালাপতি বিজয়ের ছেলে জ্যাসন সঞ্জয়, তুঙ্গে পারিবারিক বিবাদ

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবনে ঝড়ের যেন শেষ নেই। একদিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার গুঞ্জন, অন্যদিকে স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদ মামলা—সব মিলিয়ে বিপর্যস্ত এই অভিনেতা। এই পরিস্থিতির মধ্যেই বাবার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজের নামে বড় পরিবর্তন এনেছেন ছেলে জ্যাসন সঞ্জয়। নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ সরিয়ে ফেলে জ্যাসন এক নতুন পারিবারিক টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছেন।

ব্যক্তিগত জীবনে বড় ধরনের সংকটের মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে ফাটল ধরার খবরের পর এবার ছেলে জ্যাসন সঞ্জয়ের সঙ্গে তার দূরত্বের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

বাবার নাম বর্জন জ্যাসনের তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের নামের আগে বাবার নামের আদ্যাক্ষর যুক্ত করার দীর্ঘদিনের রীতি রয়েছে। থালাপতি বিজয়ের ছেলে জ্যাসন সঞ্জয়ও এতদিন এই প্রথা মেনে আসছিলেন। কিন্তু সম্প্রতি তিনি তার নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ (V) সরিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে, বাবার পরিবর্তে তিনি এখন মা সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করার কথা ভাবছেন। পেশায় নবীন এই পরিচালক নিজের পরিচয়ে এমন পরিবর্তন আনায় সিনেমা পাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন।

সামাজিক মাধ্যমে দূরত্ব শুধু নাম পরিবর্তনই নয়, জ্যাসন সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বাবাকে ‘আনফলো’ করেছেন বলে খবর রটেছে। মূলত বাবার বিতর্কিত বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি। বাবার এমন আচরণ পরিবারের ওপর প্রভাব ফেলায় জ্যাসন তার মায়ের পক্ষ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিচ্ছেদ মামলা ও আদালতের তলব থালাপতি বিজয় ও সঙ্গীতার বিচ্ছেদ মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। বারবার প্রতিশ্রুতি দিয়েও তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ এপ্রিল। আদালত ওই দিন বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

সবকিছু রটনা বলে বিজয়ের দাবি এদিকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চলা এসব আলোচনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ থালাপতি বিজয়। সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, “অযথা মাথা ঘামাবেন না, যা রটছে রটতে দিন।” তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিজয় যাই বলুন না কেন, ছেলের এমন কঠোর অবস্থান দক্ষিণী সিনেমা জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tags: entertainment news thalapathy vijay south indian cinema jason sanjay vijay divorce case trisha krishnan