ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহে রীতিমতো চমক দেখাচ্ছে অ্যাকশন ড্রামা সিনেমা 'দম'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক চাহিদার শীর্ষে রয়েছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সসহ দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে রেকর্ড সংখ্যক শো নিয়ে চলছে সিনেমাটি।
মেহজাবীনের মুগ্ধতা নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই অন্তর্জালে প্রশংসায় ভাসছে। সাধারণ দর্শকের পাশাপাশি এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। সিনেমাটি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা বিস্তারিত জানিয়েছেন তিনি। মেহজাবীন তার পোস্টে লেখেন, 'দম' তার কাছে সত্যিই একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা ছিল। একজন দর্শক হিসেবে তার মনে হয়েছে, তিনি যেন আফগানিস্তানের অন্য এক জগতে চলে গেছেন। পুরো সময়টা জুড়ে তার মধ্যে এক ধরনের দমবন্ধ ও বন্দি হয়ে থাকার অনুভূতি কাজ করেছে।
আফরান নিশোর নতুন বেঞ্চমার্ক সিনেমাটিতে নিশোর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে মেহজাবীন বলেন, "নিশো ভাই যেভাবে নূর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন, তাতে তিনি নিজের জন্য নতুন এক বেঞ্চমার্ক সেট করেছেন। পুরো সময় মনে হচ্ছিল নূর যেন বেঁচে থাকে।" পাশাপাশি রানির চরিত্রে পূজা চেরির অভিনয় এবং চঞ্চল চৌধুরীর কমেডি টাইমিং ও অভিনয়েরও প্রশংসা করেন তিনি। চঞ্চল চৌধুরীর চরিত্রটিকে তিনি অত্যন্ত 'ইন্টারেস্টিং' বলে অভিহিত করেন।
রেদওয়ান রনির শক্তিশালী কামব্যাক দীর্ঘদিন পর বড় পর্দায় পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। মেহজাবীনের মতে, এটি পরিচালকের দারুণ একটি কামব্যাক। তিনি উল্লেখ করেন, নির্মাতার অপেক্ষার ফল তিনি নিশ্চয়ই পাচ্ছেন। বিদেশের মাটিতে প্রতিকূল পরিবেশে পুরো টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় স্পষ্ট ফুটে উঠেছে।
সিনেমার নেপথ্যে যারা এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে ঘোষণার সময় থেকেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল। বিশেষ করে প্রবীণ অভিনেত্রী ডলি জহুর দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন। 'দম'-এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকীসহ একঝাঁক মেধাবী লেখক।