মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
২৫ মার্চের আলোচনা সভা কর্মসূচির প্রথম দিন অর্থাৎ বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া সভায় কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
২৬ মার্চের কর্মসূচি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সাথে সংগঠনের সকল স্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে এদিন সকালে ডা. শফিকুর রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমণ করবেন। সেখানে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করবেন।
তৃণমূল পর্যায়ে নির্দেশনা কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা, মহানগরী ও উপজেলা শাখাগুলোকে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে। জামায়াতের বিজ্ঞপ্তিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।