সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। সোমবার (২৩ মার্চ) তার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে দলের পক্ষ থেকে ইতিবাচক তথ্য জানানো হয়।
উন্নতির দিকে শারীরিক প্যারামিটার হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটার এখন ইতিবাচক দিকে যাচ্ছে। ব্রেইনের কিছু জটিলতা থাকায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগলেও বর্তমান অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণ মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকালে চিকিৎসকরা তাকে প্রথমবারের মতো বেড থেকে তুলে চেয়ারে বসিয়েছেন। এটি তার শারীরিক উন্নতির একটি বড় লক্ষণ। বর্তমানে তিনি কিছুটা কথা বলতে পারছেন এবং আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল।
পরিবারের অবস্থান ও দোয়া প্রার্থনা সিঙ্গাপুরে মির্জা আব্বাসের পাশে সার্বক্ষণিক রয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের সন্তান ইয়াসীর আব্বাস। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এর আগে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।