আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে সেলেসাওদের পরাজয়ের পর ফুটবল বিশ্বের সব নজর এখন আলবিসেলেস্তেদের দিকে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি আর্জেন্টিনা তাদের প্রথম প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৮ মার্চ) ভোর সোয়া ৫টায়। এরপর আগামী ৩১ মার্চ তাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ জাম্বিয়া। দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
কেন মৌরিতানিয়া ও জাম্বিয়া? মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার নির্ধারিত 'ফিনালিসিমা' ম্যাচটি বাতিল হয়ে যায়। এমনকি কাতারের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচটিও স্থগিত করতে হয়েছে। এরপর গুয়াতেমালার বিপক্ষে খেলার পরিকল্পনা থাকলেও ফিফার অনুমোদন না পাওয়ায় শেষ মুহূর্তে মৌরিতানিয়া ও জাম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছেন মেসিরা প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা ঝালিয়ে নিতে কোনো ছাড় দিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। তাই লিওনেল মেসিসহ দলের সেরা তারকাদের নিয়েই পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
যেখানে দেখবেন সরাসরি সম্প্রচার আর্জেন্টিনার এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেল ‘বিইন স্পোর্টস’ (beIN Sports)। এছাড়া বাংলাদেশে বিভিন্ন স্পোর্টস অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন লাইভ স্ট্রিমিং সাইটগুলোতে ম্যাচটি উপভোগ করা যাবে। আর্জেন্টিনায় ম্যাচটি টিওয়াইসি স্পোর্টস বা টিভি পাবলিকা-তে সরাসরি দেখানো হবে।