ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি এবারের ঈদে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করলেও মাল্টিপ্লেক্স প্রদর্শনীতে নানা সংকটের মুখে পড়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর কর্ণধার শিরিন সুলতানা এই পরিস্থিতির জন্য সরাসরি স্টার সিনেপ্লেক্সের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
সিনেপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগের পাহাড় প্রযোজক শিরিন সুলতানা জানান, ঈদের প্রথম তিন দিন—যা সিনেমার ব্যবসার জন্য ‘গোল্ডেন টাইম’ হিসেবে পরিচিত, সেই সময়ে ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) ত্রুটির অজুহাতে সিনেপ্লেক্সে কোনো শো চালানো হয়নি। বারবার অভিযোগ করার পর চতুর্থ দিনে সমস্যার সমাধান হলেও নতুন করে সংকট তৈরি হয় সীমান্ত সম্ভার শাখায়। সেখানে টিকিট বিক্রি হয়ে ‘হাউজফুল’ হওয়ার পরও এসি সমস্যার কথা বলে দর্শকদের টিকিট ফেরত দিয়ে অন্য সিনেমা দেখার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
গোপন ত্রুটি নাকি ষড়যন্ত্র? ক্ষুব্ধ এই প্রযোজক প্রশ্ন তোলেন, অন্য কোনো সিনেমার হলে সমস্যা না হলেও শুধু ‘প্রিন্স’ সিনেমার হলেই কেন বারবার কারিগরি বিভ্রাট দেখা দিচ্ছে। তিনি জানান, প্রযোজনা সংস্থা থেকে সরেজমিনে যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি, অথচ পরের দিনগুলোতে সিনেমার মাঝখান থেকে ১০-১৫ মিনিটের গান কেটে প্রদর্শন করা হয়েছে। ক্ষতিপূরণ বা শো সমন্বয়ের বিষয়েও সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
সিঙ্গেল স্ক্রিনে দারুণ ব্যবসা সিনেপ্লেক্সে নানা ভোগান্তি থাকলেও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘প্রিন্স’ সাফল্যের সাথে চলছে বলে জানান শিরিন। জাজ মাল্টিমিডিয়ার সার্ভার সংক্রান্ত ধোঁয়াশা কাটিয়ে তিনি নিশ্চিত করেন যে, প্রত্যন্ত অঞ্চলের হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ইন্টারনেটের সমস্যার কারণে শুরুতে কিছুটা দেরি হয়েছিল। তবে পাইরেসি রোধে এবং সিনেমার গুণগত মান বজায় রাখতে তারা শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান এই নারী প্রযোজক।