বলিউড ও টেলিভিশন জগতের পরিচিত মুখ হিনা খান বর্তমানে মালদ্বীপের নীল জলরাশির ধারে সময় কাটাচ্ছেন। তবে এবারের সফরটি কেবল ঘুরে বেড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই, সেখানে রান্নার নতুন এক অভিজ্ঞতায় মজেছেন তিনি।
মালদ্বীপে রান্নার পাঠ সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তিনি যেখানে অবস্থান করছেন সেখানকার এক অভিজ্ঞ শেফের কাছ থেকে কুকিং ক্লাস নিচ্ছেন। ভিডিওতে হিনাকে শেফের টুপি পরে বেশ উৎসাহের সঙ্গে গরম লোহার প্লেটে বিভিন্ন সবজি নাড়াচাড়া করে রান্না করতে দেখা যায়। এই নতুন অভিজ্ঞতাটি তিনি বেশ হাস্যোজ্জ্বলভাবেই উপভোগ করছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কী রান্না হচ্ছে? হাহাহা, শেফদের সঙ্গে কুকিং ক্লাস। ধন্যবাদ শেফ।’
ঈদের প্রস্তুতি ও বিশেষ মেহেদি ভ্রমণের পাশাপাশি আসন্ন ঈদ উদযাপনের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন হিনা। ভক্তদের সঙ্গে সেই প্রস্তুতির কিছু ঝলকও শেয়ার করেছেন তিনি। এবারের ঈদে তার সাজসজ্জায় যোগ হয়েছে এক বিশেষ মাত্রা। হিনা জানান, তার ঈদের মেহেদির নকশায় তিনি একটি বিশেষ বিষয় অন্তর্ভুক্ত করেছেন।
স্বামী রকির প্রতি ভালোবাসা ‘বিগ বস’-এর সাবেক এই প্রতিযোগী তার স্বামী রকি জয়সওয়ালের নামের আদ্যক্ষর উর্দুতে মেহেদির নকশার মাঝে ফুটিয়ে তুলেছেন। ঈদ প্রস্তুতির ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মেহেদি রেডি। জয়ন্ত জয়সওয়াল ও হিনা—শুধু একটি নুকতা আমাদের উর্দু আদ্যক্ষর।’ স্ত্রীর এমন ভালোবাসায় সিক্ত হয়ে রকি জয়সওয়ালও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোস্ট শেয়ার করে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছবিতে হিনাকে প্রথাগত পোশাক ও অলংকারে বেশ নজরকাড়া রূপে দেখা গেছে।