হ্যারি পটার ভক্তদের জন্য জাদুকরী দুনিয়া আবার তার পুরনো গৌরব ফিরে পেতে চলেছে। দীর্ঘ বিরতির পর এইচবিও ম্যাক্স তাদের আসন্ন টিভি সিরিজ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এর প্রথম ঝলক প্রকাশ করেছে, যা ইতিমধ্যে ভিউয়ের দিক থেকে পূর্বের সব রেকর্ড চুরমার করে দিয়েছে।
রেকর্ড গড়া ট্রেলার পিঙ্কভিলার সূত্র অনুযায়ী, সিরিজটির ট্রেলারটি মুক্তি পাওয়ার মাত্র দুই দিনের মধ্যে ২৭৭ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। এটি এইচবিও এবং এইচবিও ম্যাক্সের ইতিহাসের সবচেয়ে দ্রুততম ভিউ অর্জনকারী ভিডিও হিসেবে গণ্য হচ্ছে। এই বিশাল উন্মাদনা প্রমাণ করে যে, দর্শকদের হৃদয়ে হ্যারি পটারের আবেদন আজও অমলিন।
নতুন প্রজন্মের হগওয়ার্টস মূল বইয়ের প্রেক্ষাপট অনুযায়ী সাজানো এই সিরিজে এবার দেখা যাবে সম্পূর্ণ নতুন একঝাঁক তারকাকে। কালজয়ী হ্যারি পটার চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন। হারমায়োনি গ্রেঞ্জার হিসেবে দেখা যাবে অ্যারাবেলা স্ট্যানটনকে এবং রন উইজলি চরিত্রে পর্দায় আসবেন অ্যালাস্টেয়ার স্টাউট।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র নতুন এই ফ্র্যাঞ্চাইজিতে প্রফেসর ডাম্বলডোর হিসেবে অভিনয় করেছেন জন লিথগো। সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিডুর উপস্থিতি দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এছাড়াও নিক ফ্রস্ট অভিনয় করছেন প্রিয় হ্যাগ্রিড চরিত্রে এবং ড্রাকো ম্যালফয় হিসেবে দেখা যাবে লক্স প্র্যাটকে।
অপ্রকাশিত গল্পের সন্ধানে নির্মাতারা জানিয়েছেন, পূর্বের চলচ্চিত্রগুলোতে জে.কে. রাউলিংয়ের বইয়ের যে অংশগুলো বাদ পড়েছিল, এই টিভি অ্যাডাপ্টেশনে সেই অপ্রকাশিত ও বিস্তারিত গল্পগুলো তুলে আনা হবে। ভক্তরা এবার হগওয়ার্টসের না বলা অনেক কাহিনীর সাক্ষী হতে পারবেন।
মুক্তির তারিখ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে হ্যারি পটার সিরিজের এই নতুন অধ্যায়। জাদুকরী এই সিরিজের মাধ্যমে বছরের শেষটা ভক্তদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।