‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রহমত আলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জুনিয়র কনসালটেন্ট ডা. বিলকিস বেগম, ডা. উম্মে কুলসুম বিউটি, ডা. সিদরাতুল মুনতাহা, মেডিকেল অফিসার ডা. আফরোজা, ডা. সালভি, ডা. মাসুদা, ডা. কেয়া এবং আরএমও ডা. প্লাবন রেজাউল করিমসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় সভাপতির বক্তব্যে ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্য আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় বিজ্ঞানের গুরুত্বকে তুলে ধরে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বর্তমানে অনেক জটিল রোগের চিকিৎসা সম্ভব হলেও এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সবার অংশগ্রহণ অপরিহার্য।