ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার সুযোগ না পেলেও সংরক্ষিত নারী আসন নিয়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ বুক বেঁধেছিলেন একরাশ আশা। মনোনয়নপত্র সংগ্রহ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, যেখানে বিনোদন জগতের কোনো তারকাকেই অন্তর্ভুক্ত করা হয়নি।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, জাতীয় কমিটির সদস্যরা টানা দুই দিন ধরে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং চুলচেরা বিশ্লেষণের পর ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। তবে এই ৩৬ জনের তালিকায় দেখা যায়নি শোবিজ জগতের পরিচিত কোনো নাম।
এর আগে সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র কিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। তাদের পাশাপাশি নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে শামিল ছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত ত্যাগী নেত্রী ও রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের ওপরই আস্থা রেখেছে, যার ফলে শোবিজ তারকাদের প্রত্যাশা হতাশায় পর্যবসিত হয়েছে।
বিএনপি ঘোষিত এই চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা এবং রেহানা আক্তার রানুর মতো অভিজ্ঞ রাজনীতিকরা। তালিকায় আরও রয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি ও নিপুণ রায় চৌধুরীর মতো রাজপথের নেত্রীরা। এছাড়া জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা শিকদার ও শামীম আরা বেগম স্বপ্নার নামও ঘোষণা করা হয়েছে। তালিকার বাকি সদস্যদের মধ্যে রয়েছেন শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত এই প্যানেলটিই এখন সংরক্ষিত আসনে বিএনপির প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।