সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা হয়েছে।
একইসঙ্গে রুপার দামও ৮১৭ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতোদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। গতকাল পর্যন্ত এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম। আজকে আবার সোনার দাম বাড়ানো হলো। এতে করে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
নতুন দাম অনুযায়ী: সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১৬ হাজার ৫১৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১৩ হাজার ২৩৯ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১১ হাজার ৩১৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
এর আগে গতকাল ২৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ১৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়।