• আন্তর্জাতিক
  • কিউবার অর্থনীতি ‘শ্বাসরোধ’ করার চেষ্টা করছেন ট্রাম্প: প্রেসিডেন্ট মিগেল

কিউবার অর্থনীতি ‘শ্বাসরোধ’ করার চেষ্টা করছেন ট্রাম্প: প্রেসিডেন্ট মিগেল

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
কিউবার অর্থনীতি ‘শ্বাসরোধ’ করার চেষ্টা করছেন ট্রাম্প: প্রেসিডেন্ট মিগেল

কিউবার অর্থনীতি ‘শ্বাসরোধ’ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল।

এছাড়াও কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকিকে ফ্যাসিবাদী, অপরাধমূলক ও গণহত্যামূলক হিসেবে আখ্যা দিয়েছেন দিয়াজ-কানেল। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পোস্টে দিয়াজ-কানেল বলেছেন, ভিত্তিহীন ও মিথ্যা অজুহাতে ট্রাম্প এমন দেশগুলোর ওপর শুল্ক আরোপ করতে চান, যা তাদের সার্বভৌম অধিকার অনুযায়ী কিউবার সঙ্গে তেল বাণিজ্য করছে। এর লক্ষ্য একটাই কিউবার অর্থনীতিকে শ্বাসরোধ করে দেওয়া। তিনি আরও বলছেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, একটি ক্ষুদ্র গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থের জন্য মার্কিন জনগণের স্বার্থকে জিম্মি করে ফ্যাসিবাদী ও অপরাধমূলক নীতি চালাচ্ছে। তার এই ইঙ্গিত ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে, যিনি কিউবান বংশোদ্ভূত এবং কিউবা সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ ট্রাম্পের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এটি কিউবার জন্য একটি অস্বাভাবিক ও গুরুতর হুমকি।

ভেনেজুয়েলা সরকারও এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বাণিজ্যের নীতির পরিপন্থী।

কিউবা বর্তমানে তীব্র জ্বালানি সংকটে ভুগছে, যার ফলে দেশজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এক বাসিন্দা ইয়েনিয়া লিওন বলেছেন, সকাল ছয়টা থেকে বিদ্যুৎ নেই। খাবার নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিদিন নতুন করে কিনতে হচ্ছে। এই অবস্থার কোনও সমাধান নেই।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প এই লক্ষ্য পূরণের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার উদ্দেশ্য কিউবারের অপরাধমূলক নীতি ও কার্যকলাপের ওপর চাপ সৃষ্টি করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য স্বার্থ রক্ষা করা।

Tags: ট্রাম্প কিউবার অর্থনীতি শ্বাসরোধ প্রেসিডেন্ট মিগেল