• বিনোদন
  • গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন আধ্যাত্মিক নেতা

গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন আধ্যাত্মিক নেতা

বিনোদন ১ মিনিট পড়া
গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন আধ্যাত্মিক নেতা

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা।

প্রথমবারের মতো গ্র্যামি জিতে তিনি জানান, এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের চেয়েও মানবজাতির সামষ্টিক দায়িত্বের প্রতিফলন।

গতকাল রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিট) অনুষ্ঠিত এবারের গ্র্যামিতে ‌‘বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে বিজয়ী হন দালাই লামা। তার অডিও অ্যালবাম ‘ম্যাডিটেশন: দ্য রিফলেকশন অব হিস হোলিনেস দ্য দালাই লামা’–এর জন্য এই সম্মাননা দেওয়া হয়। এই বিভাগে দালাই লামার প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্র্যামির উপস্থাপক ট্রেভর নোয়া, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি কেতনজি ব্রাউন জ্যাকসন এবং মিলি ভ্যানিলির ফ্যাব মোরভান। গ্র্যামির মূল অনুষ্ঠান শুরুর আগেই ইউটিউবে সরাসরি সম্প্রচারিত প্রি-টেলিকাস্ট অনুষ্ঠানে বেশ কয়েকটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই উঠে আসে দালাই লামার নাম। মূল অনুষ্ঠান শুরু হয় ব্ল্যাকপিংকের রোজে ও ব্রুনো মার্সের পরিবেশনায় ‘এপিটি’ গানের মাধ্যমে।

৯০ বছর বয়সী দালাই লামার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন সংগীতশিল্পী ও গীতিকার রুফাস ওয়েনরাইট, যিনি এই প্রজেক্টে তার সঙ্গে কাজ করেছেন। মঞ্চে উঠে তিনি হালকা রসিকতায় বলেন, ‘আমি অবশ্যই দালাই লামা নই’। এরপর আয়োজকদের ধন্যবাদ জানান এই অনন্য সুযোগের জন্য।

গ্র্যামি জয়ের পর দালাই লামা তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘আমি এই স্বীকৃতি গ্রহণ করছি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে। এটি আমি কোনও ব্যক্তিগত সম্মান হিসেবে দেখি না, বরং আমাদের সবার একটি যৌথ দায়িত্বের স্বীকৃতি হিসেবে দেখি। শান্তি, করুণা, পরিবেশের যত্ন এবং মানবজাতির ঐক্যের উপলব্ধি—এই বিষয়গুলোই পৃথিবীর আট বিলিয়ন মানুষের সম্মিলিত কল্যাণের জন্য অপরিহার্য। গ্র্যামির এই স্বীকৃতি যদি এই বার্তাগুলো আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে, তবে আমি কৃতজ্ঞ।’

বলা ভালো, ‘ম্যাডিটেশন: দ্য রিফলেকশন অব হিস হোলিনেস দ্য দালাই লামা’ ইংরেজি ভাষার অডিও অ্যালবাম, যা ২০২৫ সালে প্রকাশিত হয়। এতে মোট ১০টি ট্র্যাক রয়েছে। অ্যালবামটির সংগীতায়োজনে যুক্ত ছিলেন দালাই লামা নিজে, সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলী খান এবং সংগীত প্রযোজক কাবির সেহগাল।

Tags: ইতিহাস গ্র্যামি জিত আধ্যাত্মিক নেতা