জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। আগামী ৫ বছর সঠিকভাবে পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তারা দেশ প্রেমিক ও জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, অতীতে যারা প্রমাণ করেছে যে দলটি দেশের কল্যাণে কাজ করেছে, মানুষ সেই দলটিকে বিজয়ী করে দেশ চালনার দায়িত্ব দিয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পূর্বে নরসিংদী পলাশ উপজেলার তার নিজ গ্রাম চরনগরদী গ্রামে বাবা মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাবো, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করবো। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। গতকালের নির্বাচনে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।
পরে তিনি নেতাকর্মীদের সাথে নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা ব্যক্ত রাখেন এবং পলাশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মোঃ গোলাম সারোয়ার তুষার শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। এর আগে ১১ দলীয় জোটের চাপে শেষ পর্যন্ত জামায়াত প্রার্থী আমজাদ হোসেন, এনসিপির গোলাম সারোয়ার তুষারকে সমর্থন দিয়ে এবং তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েও আমজাদ উল্লেখিত ভোট পান।