বলিউডের কিং খান এবং তার কন্যা সুহানা খানের প্রথম জুটিবদ্ধ সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। কিন্তু বিশ্ব পরিস্থিতির বিরূপ প্রভাব এবার পড়ল এই বিগ বাজেটের সিনেমার ওপর। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে নির্ধারিত শুটিং বাতিল করতে বাধ্য হয়েছেন নির্মাতারা।
নিরাপত্তার স্বার্থে বড় সিদ্ধান্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ মরুভূমির অ্যাকশন দৃশ্যের শুটিং আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে শুরু হওয়ার কথা ছিল। প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া থাকলেও বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাননি প্রযোজনা সংস্থা। বিশেষ করে সুহানা খান, অনিল কাপুরসহ পুরো ইউনিটের নিরাপত্তার কথা চিন্তা করে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকল্প হিসেবে মুম্বাইয়ে বিশাল সেট শুটিং বাতিলের কারণে যাতে কাজের গতি থমকে না যায়, সেজন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নিয়েছে টিম ‘কিং’। ভারতের মুম্বাইয়ের ভিলে পার্লে একটি স্টুডিওতে বিশাল মরুভূমির সেট নির্মাণ করা হচ্ছে। এর ফলে উচ্চগতির ধাওয়া এবং তীব্র লড়াইয়ের দৃশ্যগুলো এখন ভারতেই চিত্রায়িত হবে। এতে করে প্রোডাকশন টিমের নিয়ন্ত্রণেও কাজ করা সহজ হবে বলে মনে করছেন নির্মাতারা।
এক পর্দায় বাবা-মেয়ে ‘কিং’ সিনেমাটির মূল আকর্ষণ হলো শাহরুখ খান ও সুহানা খানের অনস্ক্রিন রসায়ন। সিনেমায় একজন অভিজ্ঞ ঘাতক বা হিচম্যানের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে, আর তার শিষ্যের চরিত্রে থাকবেন সুহানা। এছাড়া ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং রানি মুখার্জির মতো তারকা।
সাময়িক এই বাধার কারণে ছবির মুক্তি পেছাবে না বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখ-সুহানার ‘কিং’।