ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ৫টি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি দলীয় প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জামালপুরের জেলা প্রশাসক ও রির্টাকনিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের মধ্যে দুই জন সাবেক সংসদ সদস্য থাকলেও অপর তিনজন প্রথম বারের মত সংসদে যাবেন। ঘোষিত ফলাফলে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সাবেক এমপি (ধানের শীষ প্রতীক) নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজর ৬৫৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট। এছাড়া ৪ হাজার ১২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মো: আব্দুর রউফ তালুকদার।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির এ.ই সুলতান মাহমুদ বাবু সাবেক এমপি (ধানের শীষ প্রতীক) নিয়ে ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো: ছামিউল হক ফারুকী (দাড়িপাল্লা প্রতীক) নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৪৩৪ ভোট। ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ (হাতপাখা প্রতীক) নিয়ে ১ হাজার ৭১২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ প্রতীক) নিয়ে ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: মজিবুর রহমান আজাদী (দাড়িপাল্লা প্রতীক) নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। দলীয় মনোনয়ন না পেয়ে এই আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। তাকে দল থেকে বহিষ্কার করা হয়। স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১২ হাজার ৫২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম (ধানের শীষ প্রতীক) নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী মো: মাহবুব জামান জুয়েল। কাস্তে প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৩১৪।
জামালপুর-৫ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ প্রতীক) নিয়ে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতদ্বিন্দী জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার (দাড়িপাল্লা প্রতীক) নিয়ে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ইউনুছ আহাম্মদ (হাতপাখা প্রতীক) নিয়ে ৪ হাজার ২৮২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। জামালপুর জাতীয় সংসদের ৫টি আসনের মধ্যে জামালপুর সদর-৫ আসনটি সর্ব বৃহৎ এ আসনটি ১৫টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ৮০৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৭৪৬ জন। মহিলা ভোটার ২ লাখ ৯৫ হাজার ৫২ জন। হিজড়া ভোটার ১০ জন। এর মধ্যে পোস্টাল ভোট ৪ হাজার ১৬৭ জন, পুরুষ ৩ হাজার ৫২৯ জন, মহিলা ৬৩৮ জন।