এটি একটি কঠিন দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সবার ঐক্য ও সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে চাই।’
শুক্রবার দুপুর ২টা জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
সদ্য নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবাইকে মিলেমিশে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা যুবদল সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে তারেক রহমানের নির্দেশে সারাদেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে লক্ষ্মীপুরেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে এবারও জয় পেয়েছেন এ্যানি। সর্বশেষ ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট।
উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।