• খেলা
  • হ্যান্ডশেক ইস্যুতে ভারত অধিনায়ক বললেন, ‘সাসপেন্স আরও ২৪ ঘণ্টা থাকুক’

হ্যান্ডশেক ইস্যুতে ভারত অধিনায়ক বললেন, ‘সাসপেন্স আরও ২৪ ঘণ্টা থাকুক’

খেলা ১ মিনিট পড়া
হ্যান্ডশেক ইস্যুতে ভারত অধিনায়ক বললেন, ‘সাসপেন্স আরও ২৪ ঘণ্টা থাকুক’

কলম্বোতে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের আগেই ম্যাচটা কেন্দ্র করে নানা নাটকীয় ঘটনা ঘটেছে।

শেষ পর্যন্ত বয়কট ছাপিয়ে পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়েছে। তবে এবার আলোচনায় হ্যান্ডশেক ইস্যু। এবারও কি এশিয়া কাপের মতো করমর্দন এড়িয়ে যাবে দুই দল?

ম্যাচের আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে এখনই কিছু বলতে চান না। পাকিস্তান অধিনায়ক সালমান আগার মতো তিনিও বিষয়টি নিয়ে অষ্পষ্ট উত্তর দিয়েছেন।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেছেন, করমর্দন নিয়ে ‘সাসপেন্স’ আরও ২৪ ঘণ্টা থাকুক। প্রশ্নটি দু’বার করা হলেও প্রতিবারই তিনি ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার কথা বলেন। প্রথমবার প্রশ্নের উত্তরে বড় হাসি দিয়ে তিনি বলেন, ‘আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। এখন কেন অনুমান করছেন? আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, ভালো ক্রিকেট খেলবো। করমর্দনের সিদ্ধান্ত পরে নেওয়া হবে। ভালো করে খাবেন, ঘুমাবেন।’

বিষয়টি পরিষ্কার করতে আবারও জানতে চাইলে তিনি আগের অবস্থানেই অটল থাকেন। সূর্যকুমার বলেন, ‘আগামীকাল সাসপেন্সের ইতি ঘটাবো। বলেছি তো, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা ভালো ম্যাচ খেলবো, তারপর… কাল সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? ম্যাচটাই গুরুত্বপূর্ণ।’

টসের সময় অধিনায়কদের করমর্দনের প্রসঙ্গ তোলা হলে এবার তিনি বলেন, ‘টসের সময় দেখা যাবে।’

এর আগে সালমান আগাও প্রায় একই সুরে কথা বলেন। তবে ২০২৫ এশিয়া কাপে করমর্দন বিতর্কের প্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করেন, দুই দলই ক্রিকেটের চেতনাকে সম্মান জানাবে।

Tags: ভারত ইস্যুতে হ্যান্ডশেক অধিনায়ক বললেন সাসপেন্স আরও ২৪ ঘণ্টা থাকুক’