• খেলা
  • সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নান্নুর ভাবনা

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নান্নুর ভাবনা

খেলা ১ মিনিট পড়া
সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নান্নুর ভাবনা

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানকে নিয়ে দেশে ফেরার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখনও দেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে। সাকিবের ফেরা নিয়ে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন মনে করেন কিছু প্রসেস মেনটেইন করেই সাকিবের ফিরতে হবে!

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের পর অনিশ্চিত হয়ে পড়ে। তখনকার রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে ফেরেননি এবং জাতীয় দলে অংশ নিতে পারেননি।

এরপর অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদে তার অবস্থান অনিশ্চিত ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় নতুন আলোচনার জন্ম দিয়েছে। কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘জাতীয় দলে খেলা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে।

যোগ্য খেলোয়াড় অবশ্যই খেলার সুযোগ পাবেন। আমি কখনোই খেলাধুলায় রাজনীতিকে আনতে চাইনি।’ সাকিবের বয়স এবং দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার কারণে তার লম্ব সময় খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনাও সীমিত। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও আইপিএল বা পিএসএলের মতো লিগেও তার উপস্থিতি নেই।

সব মিলিয়ে জাতীয় দলে লম্বা সময় খেলা সম্ভাবনা কিছুটা কম। তবে দেশের জার্সিতে কিছু ম্যাচ খেলে, অবসরের সুযোগ পেতে পারেন দেশ সেরা এই ক্রিকেটার। সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ নিয়ে বিসিবির সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে সে খেলতে পারবে কিনা? এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তার আগে জানতে হবে ওর ফিটনেসের কী অবস্থা, ও কী অবস্থার মধ্যে আছে।

ওরা (নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট) ডিসিশনটা নিবে। আগে তো ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কি না, কোথায় কী অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেল আর ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওর চিন্তা-ভাবনা শুরু করবে। সুতরাং আমাদের পক্ষে এটা বলা ডিফিকাল্ট।’

Tags: সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নান্নুর ভাবনা