• রাজনীতি
  • অধৈর্য নিয়ে রাষ্ট্র চালাবেন কীভাবে, বিএনপিকে মঞ্জুর প্রশ্ন

অধৈর্য নিয়ে রাষ্ট্র চালাবেন কীভাবে, বিএনপিকে মঞ্জুর প্রশ্ন

রাজনীতি ১ মিনিট পড়া
অধৈর্য নিয়ে রাষ্ট্র চালাবেন কীভাবে, বিএনপিকে মঞ্জুর প্রশ্ন

বিএনপির বিরুদ্ধে ভোট ‘ম্যানিপুলেশন’ এর অভিযোগ তুলেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ‘সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে’ সমাবেশে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান।

১১ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে। মঞ্জু বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের বিভিন্ন স্তরে ‘ম্যানিপুলেশন’ হয়েছে।

জাল ভোট প্রদান, ফলাফল পরিবর্তন, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং অর্থের বিনিময়ে ভোট কেনার মতো অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের রায় যদি আপনাদের পক্ষেই থাকে, তাহলে এত তাড়াহুড়োর প্রয়োজন কী ছিল? কিছু আসন কম পেলেও গ্রহণযোগ্যতা থাকত। কিন্তু এত অধৈর্য হয়ে গেলে রাষ্ট্র পরিচালনা করবেন কীভাবে?

তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে যুক্ত অনিয়মের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

যে কলঙ্কের তিলক কপালে লেগেছে, তা দূর করতে অবিলম্বে পদক্ষেপ নিন।’ তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার প্রসঙ্গ তুলে মঞ্জু বলেন, আহত নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। গণতন্ত্র রক্ষায় প্রয়োজন হলে আমরা আন্দোলনে নামব।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এছাড়া বক্তব্য দেন ঢাকা-১২ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী সাইফুল আলম মিলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমূখ।

সমাবেশ শেষে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

Tags: বিএনপি অধৈর্য রাষ্ট্র চালাবেন কীভাবে মঞ্জুর প্রশ্ন