আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে তারা। জবাবে লড়াই করেও ১৭৬ রানে থামে নেদারল্যান্ডস। ব্যাট-বলে অলরাউন্ডস পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন শুভম দুবে।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডাচ দুই ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড ৩৫ রানের জুটি গড়েন। ও’ডাউড ১৮ বলে ২০ রান করে আউট হন। দলীয় ৫১ রানে বিদায় নেন লেভিটও (২৪)। তৃতীয় উইকেটে বাস ডি লিড ও কলিন অ্যাকারম্যান ২৬ বলে ৪৩ রানের জুটি গড়ে রানের গতি বাড়ান।
তবে দ্রুত তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে নেদারল্যান্ডস। শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭৬ রান। কঠিন সমীকরণ কিছুটা সহজ করে তুলেছিলেন জ্যাক লায়ন ক্যাচেট ও নোয়া ক্রস। তারা ২৩ বলে ৪৭ রানের জুটি গড়েন। কিন্তু ১৬ বলে ২৬ রান করে জ্যাক লায়ন আউট হতেই আশা ভেঙে যায়।
শেষ ওভারে দরকার ছিল ২৮ রান, যা মেলাতে পারেননি নোয়া ক্রস। ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন নোয়া। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ১৪ রানে ৩ উইকেট নেন। শুভম দুবে নেন ২টি উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে আউট হন অভিষেক শর্মা। ইশান কিশান করেন ৭ বলে ১৪ রান। তিলক ভার্মা ২৭ বলে ৩১ এবং সূর্যকুমার যাদব ২৮ বলে ৩৪ রান করেন।
তবে শিভাম দুবে ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। দুবে ৩১ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হার্দিক ২১ বলে ৩টি ছক্কায় ৩০ রান করেন। তাদের ব্যাটে ভর করেই ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।
নেদারল্যান্ডসের হয়ে লগান ফন বিক ৩টি এবং আরিয়ান দত্ত ২টি উইকেট নেন।